Friday, 15 March 2013

ইরানকে থামাতে প্রয়োজনে সামরিক অভিযান : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রয়োজনে সামরিক অভিযানও চালানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ওবামা দাবি করেন, পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে পৌঁছাতে ইরানের আরও এক বছর সময় লাগবে। এর মধ্যেই তাদের এই কর্মসূচি থেকে বিরত রাখার জন্য সকল প্রচেষ্টা চালানো হবে। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম ‘চ্যানেল ২ টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “ইরানকে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
এ ব্যাপারে সব পথই খোলা আছে।” মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কূটনৈতিক উপায়ে এ সমস্যার সমাধানে আমরা চেষ্টা করছি। তবে যদি কূটনীতি ব্যর্থ হয়, যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা।” ওবামা বলেন, “আমাদের লক্ষ্য ইরান যেন পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে ইসরায়েল কিংবা এ অঞ্চলের জন্য হুমকি হিসেবে আবির্ভূত না হয়।” মার্কিন প্রশাসনের প্রধান হিসেবে তিনি বলেন, “ইরানের পরমাণু উচ্ছাভিলাস দমাতে যেকোনো ধরনের আকস্মিক পদক্ষেপ নিতেও প্রস্তুত আমরা।” তিনি আরও বলেন, “এর আগে কেরি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি) ও হেগেল (প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল) এ বিষয় পরিষ্কার করেছেন যে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মতো ইরানের পরমাণু সক্ষমতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তারও বিষয়।” সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল সফরের আগে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে তেলআবিবের উদ্বেগের প্রেক্ষিতে বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে একটি বিবৃতি বার্তা পাঠিয়েছেন ওবামা। বিবৃতিতে, ইরানের পরমাণু বিষয়ে ওয়াশিংটনের মতো কৌশলী উপায় বেছে নিয়ে তেলআবিবকে ধৈর্য ধরার আহবান জানান ওবামা। প্রয়োজনে মার্কিন-ইসরায়েল শক্তি যৌথভাবে ইরানের মোকাবেলা করবে বলেও আশ্বাস দেওয়া হয় নেতানিয়াহুকে। আগামী সপ্তাহে ইসরায়েল সফর করবেন ওবামা। বুধবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার রামাল্লায় মাহমুদ আব্বাস ও শুক্রবার জর্ডান সফরে বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

No comments:

Post a Comment