Thursday, 14 March 2013

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন ১৪ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মার্চ,২০১৩ : বিপ্লবী নেতা হুগো চাভেজ মারা যাওয়ায় এক বছরেরও কম সময়ে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। চাভেজের উত্তরসূরি বাছাই করতে দেশটিতে ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। উত্তরসূরি হিসেবে চাভেজের পছন্দের সহকর্মী নিকোলা মাদুরো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই এ ঘোষণা আসল। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করার পর ৫ মার্চ পৃথিবী ছেড়ে যান দক্ষিণ আমেরিকার এ বিপ্লবী নেতা। বাংলাদেশ সময় শুক্রবার রাতে রাষ্ট্রীয়ভাবে চাভেজের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন নিকোলা মাদুরো। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন বিরোধী জোটের নেতা হেনরিক ক্যাপরিলেস। গত অক্টোবরের নির্বাচনে ১৪ বছর ক্ষমতায় থাকা চাভেজ ৫৪ শতাংশ ভোট পেয়েছিলেন। আর ক্যাপরিলেস পেয়েছিলেন ৪৪ শতাংশ। স্বাস্থ্যের অবনতি হওয়ায় চাভেজ ভাইস প্রেসিডেন্ট মাদুরোকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। ৫০ বছর বয়সী মাদুরো ‍সাবেক প্রেসিডেন্টের  বামপন্থি নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতবদ্ধ। নির্বাচন কমিশনের প্রধান তিবিসে লুসেনা জানান, প্রার্থীদের সোমবারের মধ্যে নিবন্ধন করতে হবে। এ ঘোষণার পরপরেই বিরোধী জোট নিজেদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ৪০ বছর বয়সী ক্যাপরিলেসের নাম প্রস্তাব করেন। নিজের নাম প্রস্তাব করায় খুশি হয়েছেন ক্যাপরিলেস। মিরান্ডা রাজ্যের গর্ভনর ক্যাপরিলেস টুইট করেছেন, ‘পরে আমি সিদ্ধান্ত জানাব’।নিজের নীতিকে ‘মধ্যপন্থি’ ও ‘মানবিক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেছেন, তার রাজনৈতিক উৎসাহদাতা হচ্ছেন ব্রাজিলেরর সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা।

No comments:

Post a Comment