৬ই ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রেস কাউন্সিল পরিষদের চেয়ারম্যান মারখানদে কাতজু পাকিস্তানকে ‘ভুয়া’ দেশ বলেছেন। পাকিস্তান-ভারত বিভক্তি বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার অবসরপ্রাপ্ত এ বিচারপতি বলেন, “পাকিস্তান একটি ‘ভুয়া’ দেশ। ব্রিটিশরা ‘ভুয়া দ্বি-জাতি তত্ত্বের’ ভিত্তিতে দেশটির সৃষ্টি করেছিল।” তিনি আশাবাদী আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারত ও পাকিস্তান একত্রিত হবে এবং একটি শক্তিশালী, ধর্মনিরপেক্ষ ও আধুনিকমনা সরকার ক্ষমতায় আসবে।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায়(লাইন অব কন্ট্রোল) পাকিস্তানি সেনারা ভারতীয় এক সৈন্যের শিরচ্ছেদ করার ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমের ছড়ানো উত্তাপের সমালোচনা করেন তিনি। নয়াদিল্লিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “প্রথমত আপনাদেরকে আমাদের একটি কথা বলতে দিন, পাকিস্তান কোনো দেশ নয়। এটি ভুয়া দেশ, বিভাজন নীতির ব্রিটিশরা হিন্দু-মুসলমান দুটি আলাদা জাতি-এই ভুয়া দ্বি-জাতি তত্ত্বের ভিভিত্তে কৃত্রিমভাবে এটি সৃষ্টি করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্দো-পাক সংকট বাড়ানো: অঙ্গহানি বা গণমাধ্যম’ শীর্ষক আলোচনায় মারখানদে কাতজু বলেন, “আমরা বোকা এবং ব্রিটিশরা আমাদের প্রতারিত করেছে। পাকিস্তান কি? এটি পাঞ্চাব ও সিন্ধু যা আসলে ভারতের অংশ।” দুই জাতির যুদ্ধ নিয়ে কথা বলা জাতীয়তাবিরোধী। আমাদের দরিদ্র দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন যে যুদ্ধ খুবই ব্যয়বহুল বিষয় এবং আমরা দরিদ্র দেশ। আমরা তিনটি যুদ্ধ করেছি, যুদ্ধের কারণে জনগণের জীবনমান বেড়েছে কি।” দারিদ্র্য, দ্রব্যমূল্যের বৃদ্ধি, বেকারত্ব ও শিশুদের অপুষ্টি এবং কৃষকদের আত্মহত্যার মতো ইস্যুতে মনোযোগ না দিয়ে চলচ্চিত্র তারকা ও ক্রিকেটারদের নিয়ে বিতর্ক সৃষ্টি করায় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, “গত ১৫ বছরে আড়াই লাখ কৃষক আত্মহত্যা করেছে কিন্তু পাঁচ বছর সংবাদ মাধ্যম তা চেপে গেছে। পি সাইনাথের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে। এ নিয়ে এখনও কোনো প্রতিবেদন না করে সচিনের সঙ্গে কারিনা সম্পর্ক রয়েছে-এসব খবর প্রকাশ করছে।” ভারতকে প্রচণ্ড মাত্রায় পশ্চাৎপদ দেশ উল্লেখ করে তিনি বলেন, “৯০ শতাংশ ভারতীয় বোকা। তারা গোত্রবিদ্বেষ, সাম্পদ্রায়িকতা ও কুসংস্কারাচ্ছন্ন।” তিনি আরও বলেন, “ভারতের ৮০ শতাংশ হিন্দু ও ৮০ শতাংশ মুসলমান সাম্প্রদায়িক-এটি সত্য এবং এটিই বাস্তবতা।”

No comments:
Post a Comment