Friday, 8 February 2013

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে তুষারঝড় : সতর্কতা জারি

৮ই ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক: অব্যাহত শৈত্য প্রবাহ ও তুষারপাতের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় ও দ্বীপপুঞ্জ এলাকায় তুষার ঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে এ অঞ্চলের বিমানবন্দরের আগমন ও বহির্গমনের ২৬শ’ ফ্লাইট।  স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারি তুষারপাতে সর্বোচ্চ ২ ফুট পর্যন্ত বরফ জমতে পারে।
ভেঙে দিতে পারে গত একশ’ বছরের সর্বোচ্চ তুষারপাতের রেকর্ডও। সম্ভাব্য হুমকি মোকাবেলায় এ অঞ্চলের বাসিন্দারা খাদ্য-পানীয়সহ বিভিন্ন ধরনের শুকনো খাবার ইতোমধ্যে গুদামজাত করেছেন। নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নাগরিকদের নির্দেশ দিয়েছে স্থানীয় দুর্যোগ অধিদপ্তর। ম্যাসাচুয়েটসের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, “সবকিছুই ইতোমধ্যে তুষারে ঢাকা পড়ছে। ভেঙে পড়েছে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।” নিউজার্সি, নিউইয়র্কের নিকটবর্তী দ্বীপপুঞ্জ, নিউ ইংল্যান্ড, ম্যাসাচুয়েটস, বোস্টন, হ্রড দ্বীপপুঞ্জ ও কানেক্টিকাটে আগে থেকেই তুষার ঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও এখন নিউহ্যাম্পশায়ার ও মাইনে অঞ্চলেও সতর্কতা সম্প্রসারিত করা হয়েছে। বোস্টন ও তার আশপাশের অঞ্চল এবং হ্রড দ্বীপপুঞ্জ এলাকার সব স্কুল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর মনে করছে, স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে শুরু হয়ে সারারাতভর ভারি তুষারপাত হয়ে শনিবার পর্যন্ত গড়াতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ১৪ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে নিউইয়র্ক সিটিতে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে বরফ সরানোর ক্রেনসহ প্রায় ২৫ হাজার টন লবণ জমিয়ে রাখা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর মনে করছে, “নিউইংল্যান্ড অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়তে পারে এবারের তুষারঝড়।” সম্প্রতি আঘাত হানা নিউজার্সি-নিউইয়র্ক উপকূলাঞ্চলের ‍হারিকেন স্যান্ডির ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই এ ধরনের প্রাকৃতিক ঝড়ের হুমকির মুখে পড়লো যুক্তরাষ্ট্র।

No comments:

Post a Comment