আলজেরিয়ায় ২০ বিদেশি এখনো নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, ১৯ জানুয়ারি: আলজেরিয়ার সাহারা মরুভূমিতে একটি গ্যাসক্ষেত্রে জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযানের পরেও ২০ জনের বেশি বিদেশি নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। তারা এখনো জিম্মি রয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, এ ঘটনায় অন্তত সাত পশ্চিমা নাগরিকসহ ৩০ জন জিম্মি নিহত হয়েছেন। এছাড়া সেনা অভিযানে অন্তত ১৮ জন জিম্মিকারী নিহত হয়েছেন।বুধবার আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আলজেরিয়ার আমেনাসের নিকটবর্তী মরুভূমির একটি গ্যাসক্ষেত্র দখল করে প্রায় সাড়ে ছয়শ’ মানুষকে জিম্মি করে ।বৃহস্পতিবার সেখানে সেনাবাহিনী অভিযান চালায়। স্থানীয় একটি সূত্র জানায়, ওই গ্যাস ক্ষেত্র থেকে একশ’ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আলজেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি জানায়, উদ্ধারদের মধ্যে ৫৭৩ জন আলজেরীয় রয়েছে। আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, নিহত বিদেশি নাগরিকদের মধ্যে দুই জন জাপানি, দুই জন ব্রিটিশ ও একজন ফরাসি রয়েছে। বুধবার বন্দুকধারীরা যখন জিম্মি করে তখনই এক ব্রিটিশ নাগরিক নিহত হয়। শুক্রবার পর্যন্ত যারা নিখোঁজ রয়েছে তাদের মধ্যে ১০ জন জাপানি, আট জন নরওয়েজিয়ান ও কয়েকজন ব্রিটিশ নাগরিক রয়েছে। ফ্রান্স বলেছে, তাদের দুই নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যাদের ওই গ্যাসক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে।জিম্মিদের মধ্যে বেশ কয়েক জন আমেরিকান ছিলেন বলে ওয়াশিংটন জানিয়েছে। তবে তাদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা। স্থানীয় একটি সূত্র জানায়, ওই গ্যাসক্ষেত্রের কাছাকাছি একটি স্থানে যুক্তরাষ্ট্রের একটি বিমান অবতরণ করেছে। এছাড়া নিখোঁজ নাগরিকদের সম্পর্কে তথ্য প্রকাশ করছে না কয়েকটি দেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো গ্যাসক্ষেত্রটির নিয়ন্ত্রণ সেনাবাহিনীর অধীনে আসেনি। গ্যাসক্ষেত্রটিতে তখনও সেনা তল্লাশি অভিযান চলছিল। মালিতে ফরাসি বাহিনীর সামরিক হস্তক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে এদের জিম্মি করা হয়েছে বলে দাবি করে জঙ্গিরা। আলজেরিয়ার সেনাবাহিনীর অভিযানের আগেই গ্যাসক্ষেত্রের কিছু কর্মীকে মুক্তি দেওয়া হয়েছিল অথবা তারা সেখান থেকে পালিয়েছিলেন বলে প্রকাশিত খবরের সূত্রে জানা যায়। অভিযানে “উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী” নিহত হয়েছে বলে আলজেরিয়ার যোগাযোগমন্ত্রী মোহামেদ সৈয়দ বেলায়েদ দাবি করেছেন। তিনি বলেন, “দূরভাগ্যজনভাবে এতে নিরীহ কিছু মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এখনও এদের প্রকৃত সংখ্যা আমরা জানি না।”
No comments:
Post a Comment