Sunday, 20 January 2013

নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক, ২০ জানুয়ারি : টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বুলগেরিয়ার নৃতাত্ত্বিক তুর্কিদের নেতা আহমেদ দোগানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে এক হামলাকারী। শনিবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় দোগানের ‘মুভমেন্ট ফর রাইট এন্ড ফ্রিডম’ (এমআরএফ) পার্টির সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।


তবে আক্রমণে ব্যবহৃত গ্যাস পিস্তল থেকে গুলি বের হওয়ার আগেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দোগান, প্রায় সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে মাটিতে ফেলে চেপে ধরে।

হামলায় দোগানের শরীরে কোনো আঘাত লাগেনি।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেভেতান সেভেতানভ বলেন, “হামলাকারী দুটি গুলি করার চেষ্টা করেছিল কিন্ত সম্ভবত তার পিস্তলে গুলি আটকে যায়।”

ঘটনার পর পর প্রকাশিত সংবাদগুলোতে অস্ত্রটিকে একটি পিস্তল বলা হলেও পরে অস্ত্রটি একটি গ্যাস পিস্তল বলে জানানো হয়। এটি আত্মরক্ষাতে ব্যবহৃত এক ধরনের অস্ত্র যাতে প্রাণনাশের আশঙ্কা নেই।

তবে খুব কাছ থেকে গুলি ছুড়লে মারাত্মক আহত হওয়ার সম্ভবনা আছে।

আক্রমণকারীর বিরুদ্ধে মাদক ব্যবহার, ডাকাতি ও মাস্তানির মতো অপরাধের অভিযোগ আছে বলে জানিয়েছেন সেভেতানভ।

কৃষ্ণ সাগর তীরবর্তী বুরগাস থেকে আগত ২৫ বছর বয়সী ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে দুটি ছুরিও পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

৫৮ বছর বয়সী দোগান ২৫ বছর ধরে এমআরএফ পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন।

No comments:

Post a Comment