আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বহু বিচারককে বরখাস্ত ও গৃহবন্দি করে রাখার মামলায় মুশাররফের জামিন আবেদন নাকচ করে ইসলামাবাদ হাই কোর্ট বৃহস্পতিবার এই পরোয়ানা জারির আদেশ দেয়।বিবিসির খবরে বলা হয়, আদেশের সময় আদালতেই উপস্থিত ছিলেন মুশাররফ। তবে আদেশের সঙ্গে সঙ্গে তিনি নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট লাহোর হাই কোর্ট থেকে বেনজির ভুট্টো হত্যা মামলায় ২৪ এপ্রিল পর্যন্ত জামিনে রয়েছেন।১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যূত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ।
২০০৮ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে মুশাররফের অনুসারী ও সমর্থকরা শোচনীয়ভাবে পরাজিত হয়।
অভিসংশনের হুমকির মুখে ওই বছরের অগাস্টে পদত্যাগ করে দেশ ছেড়ে স্বেচ্ছানির্বাসনে যান তিনি। চার বছর লন্ডন ও দুবাইয়ে কাটিয়ে গত ২৪ মার্চ দেশে ফেরেন সাবেক এই সেনা শাসক।
দেশে ফিরতে পারলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে ১১ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে দাঁড়াতে পারছেন না মুশাররফ।
তিনি চারটি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিলে রিটার্নিং কর্মকর্তারা করাচি, কাসুর এবং ইসলামাবাদে তার মনোনয়নপত্র বাতিল করেন।
পরে অন্য একটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মুশাররফের করা আপিলও খারিজ করে দেয় নির্বাচনী আদালত।
আগামী ১১মে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর নির্বাচন হবে। পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো পার্লামেন্ট মেয়াদ পূর্ণ করার পর নতুন নির্বাচন হচ্ছে।

No comments:
Post a Comment