আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি সার কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৭০ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত হয়েছে দুই শতাধিক ব্যক্তি। এই দুর্ঘটনাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতার সঙ্গে তুলনা করছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার রাতে টেক্সাসের ওয়াকো শহর থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ওই সারখানার পাশাপাশি আশেপাশের কয়েকটি আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে এখনও অনেক মানুষ আটকা পড়েছ আছেন।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বিস্ফোরণের কমপক্ষে অন্তত ৫০ মাইল এলাকাজুড়ে ২.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক ড. জর্জ স্মিথ বলেন, “এ অগ্নিকাণ্ডে কমপেক্ষ ৭০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।” তিনি জানান, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকার্য চালাতে গিয়ে জরুরি উদ্ধারকারী দলের ২ জন সদস্য ও অগ্নিনির্বাপক দলের ৩ জন সদস্য মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা ডি এল উইলসন এ দুর্ঘটনাকে ইরাক যুদ্ধের ভয়াবহতার সঙ্গে তুলনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও বেশ কয়েকটি হেলিকপ্টার কাজ করছে। স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এ পর্যন্ত শতাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনের অবস্থায় আশঙ্কাজনক। বিস্ফোরণে ধ্বসে পড়া ভবনগুলোর মধ্যে একটি নার্সিং হোমও আছে বলে ধারণা করা হচ্ছে, যার ভেতর অনেক মানুষ আটকা পড়ে আছে। আকাশ থেকে তোলা ছবিতে কারখানার ধ্বংসস্তুপ ও আশেপাশের কয়েকটি ভবন থেকে এখনও ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশের একটি ফুটবল মাঠে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের ঘটনাকে যুদ্ধাবস্থায় পারমাণবিক বোমা হামলার মতো ভয়াবহ বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর টেক্সাসের গভর্নর রিক পেরি এক বিবৃতিতে বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ও এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।”

No comments:
Post a Comment