Sunday, 28 April 2013

সাভার ট্র্যাজেডি নিয়ে নিউইয়র্ক মেয়রের উদ্বেগ

নিউইয়র্ক: সাভার দুর্ঘটনার বিষয়ে সহযোগিতা দিতে চেয়েছেন নিউইয়র্ক মেয়র মাইকেল ব্লুমবার্গ। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি ভবন ধসে শত শত হতাহতের ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি মেয়র। মাইকেল ব্লুমবার্গের কার্যালয় থেকে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়ে টেলিফোন করে এসব বিষয়ে জানতে চাওয়া হয়। শনিবার সংবাদ মাধ্যমের কাছে এ কথা জানিয়েছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম।
তিনি বলেন, “নিউইয়র্ক মেয়রের কার্যালয় থেকে টেলিফোন করে আমার কাছে বাংলাদেশের এই মর্মান্তিক দুর্ঘটনার সম্পর্কে জানতে চাওয়া হয়। আমরা তাদের কাছে বিষয়টি জানাই। তাদের বলি, হতাহতের ঘটনা ও দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে বাংলাদেশের তথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেভাবে তথ্য দিচ্ছে বিষয়টি সেরকমই।” মনিরুল বলেন, “উদ্ধার কাজের ধীরগতি প্রসঙ্গে নিউইয়র্ক মেয়রের অফিস থেকে জানতে চাওয়া হলে আমি তাদের জানিয়েছি, দুর্ঘটনার ধরনের কারণেই দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।” কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়েও জানতে চায় মেয়র কার্যালয়। কোনো সহযোগিতা চেয়েছেন কিনা সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে কনসাল জেনারেল জানান, সরকারের পক্ষ থেকে এখনো কোনো ধরনের সহযোগিতার কথা বলা হয়নি। উল্লেখ্য, ঢাকার অদূরে সাভারে গত বুধবার সকালে ৮ তলা বিশিষ্ট একটি কারখানা ভবন ধসে পরে। পঞ্চম দিনের উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তুপ থেকে ৩৬৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment