Friday, 19 April 2013

বোস্টনে হামলার এক সন্দেহভাজন নিহত, অপরজনের খোঁজে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্টের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন একজন শুক্রবার পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে তিনি আটক নাকি নিহত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।   এদিকে, সন্দেহভাজন অপরজনকে খুঁজে বের করার জন্য পুলিশ ব্যাপক তল্লাশি অব্যাহত রেখেছে। পুলিশের মুখপাত্র সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, অপর সন্দেহভাজন সশস্ত্র অবস্থায় রয়েছেন। সে কারণে সবাইকে ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন।
এমনকি ঘরের দরজা-জানালাও বন্ধ রাখতে বলেন তিনি। ম্যাসাচুয়েটস জেলা অ্যাটর্নি থেকে বলা হয়েছে, শুক্রবার সকালে বোস্টন হামলার এক সন্দেহভাজন পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর হাসপাতালে মারা গেছেন। এর আগে স্থানীয় সংবাদ মাধ্যম ‘বোস্টন গ্লোব’ একজন তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সন্দেহভাজন বোস্টন হামলায় একজনকে আটক করার কথা জানালেও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ম্যাসাচুয়েটসের ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (এমআইটি) হামলাকারী একজনকে আটক করা হয়েছে। আবার কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, ওয়াটার টাউনের রাস্তায় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিবিসি জানায়, ওয়াটার টাউনের বিস্ফোরণ ও গোলাগুলি এবং এমআইটিতে একজন পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা বোস্টনে হামলার সঙ্গে যোগসাজস রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। একটি মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ওয়াটার টাউনে পুলিশের অভিযানে একজন নিহত হয়েছেন। এমনকি সংবাদ মাধ্যমটির ভিডিও ক্লিপের মাধ্যমে রাস্তার ওপর শায়িত নিহত লোকটির মৃতদেহও

দেখানো হয়। অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়া সিএনএনকে উদ্ধৃত করে দাবি করছে, বোস্টন হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক লোকটিই মারা গেছে। অবশ্য, নিহত লোকটি এমআইটিতে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ সদস্য নাকি ওয়াটার টাউনে পুলিশের অভিযানে নিহত এমআইটিতে হামলাকারী কোনো দুস্কৃতিকারী কিনা সে ব্যাপারে কিছু স্পষ্ট করেনি ভারতীয় সংবাদ মাধ্যমটি। এদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, ওয়াটার টাউনে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনার পর পর ওই এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এমনকি হেলিকপ্টার দিয়েও ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে, বলে জানায় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে এই ব্যাপারটি এখনও পরিষ্কার নয় যে, যে লোকটিকে ধরা হয়েছে, তিনি বোস্টন হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি কিনা, অথবা তিনি এমআইটিতে হামলাকারী কিংবা ওয়াটার টাউনে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় জড়িত ব্যক্তি কিনা।

No comments:

Post a Comment