Sunday, 19 May 2013

করাচিতে পিটিআই নেত্রী খুন; এমকিউএম-কে দুষলেন ইমরানি

আর্ন্তজাতিক ডেস্ক :  পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহরা শাহিদ হোসেইন করাচির নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। করাচিতে জাতীয় পরিষদে ২৫০ নম্বর আসনে পুনর্নির্বাচনের আগ মুহূর্তে তিনি নিহত হলেন। আজ এ আসনে পুর্নির্বাচনের কথা রয়েছে। জাহরা শাহিদ ১৫ বছর ধরে পিটিআই দলের হয়ে কাজ করছিলেন।

প্রথম সৌদি নারীর এভারেস্ট জয়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সৌদি আরবের নারী। তিনিই এভারেস্টজয়ী প্রথম সৌদি নারী। শুধু প্রথম সৌদি নারীই নন, আরব বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সে তিনি এভারেস্ট জয় করা প্রথম নারী। তার নাম রাহা মোহাররাক (২৫)। পর্বতারোহী দলে তারা চারজন ছিলেন। দলে রাহা ছাড়াও ছিলেন কাতার ও ফিলিস্তিনের দু’জন। তারা নেপালে শিক্ষা প্রকল্পের জন্য ১০ লাখ ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা করছেন।

Friday, 17 May 2013

মার্কিন ক্রেতাদের আচরণের সমালচনা ইউএসএ টুডেতে

আর্ন্তজাতিক ডেস্ক :  রানা প্লাজা ধসের ঘটনায় বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বের প্রভাবশালী সব দৈনিকে প্রতিদিনই লেখালেখি প্রকাশিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পোশাকশিল্পের ইতিহাসে সবচেয়ে করুণ মানবিক বিপর্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ইউএসএ টুডে শুক্রবার সম্পাদকীয় লিখেছে। এতে দুর্ঘটনার পর বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে মার্কিন কোম্পানিগুলোর ব্যাপক সমালোচনা করা হয়েছে।

Wednesday, 15 May 2013

নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের আশা ব্যক্ত করেছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফের সঙ্গে দ্রুত সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার রাতে টেলিফোনে নওয়াজ শরিফের সঙ্গে আলাপচারিতায় এ আশাবাদ ব্যক্ত করেন ওবামা। এ সময় তিনি দেশটির নির্বাচনে বিজয়ী হওয়ায় নওয়াজকে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

বিবিসিকে নওয়াজ : অর্থনীতি পুনরুদ্ধার হবে আমার সরকারের প্রধান কাজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ বলেছেন, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি পুনরুদ্ধারই হবে তাঁর সরকারের প্রধান কাজ। গতকাল মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়ে নওয়াজ শরিফ বলেন, অর্থনীতি চাঙা করা গেলে তা উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, দুর্নীতি, দারিদ্র্যসহ বিভিন্ন সমস্যা দূর করায় সহায়ক ভূমিকা রাখবে।

Sunday, 12 May 2013

পাকিস্তানে নওয়াজ শরীফের দল বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ(পিএমএল-এন) জয়লাভ করেছে। বেসরকারিভাবে এ ফল প্রকাশের আগেই এ নির্বাচনে নওয়াজ শরীফ তার বিজয় ঘোষণা করেছেন। পাশাপাশি অন্যান্য দলকে তার সাথে কাজ করার আহবান জানিয়েছেন। শনিবার রাতে লাহোরের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিপুলসংখ্যক সমর্থকদের উদেদেশে দেওয়া বক্তৃতায় এ ঘোষণা দেন।

Thursday, 2 May 2013

বাণিজ্যে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন

আর্ন্তজাতিক ডেস্ক :সাভারে ভবন ধসে প্রায় ৪১২ জনের নিহত হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে বিবেচনা করছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ইউরোপের বাজারে পোশাকখাতে বাংলাদেশ অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত (জিএসপি) সুবিধা পেয়ে থাকে, দেশটির পোশাক কারখানায় নিরাপত্তা মান বাড়ানোর ব্যাপারে চাপ দিতে ইইউ নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে। পশ্চিমা দেশগুলোতে পাওয়া শুল্কমুক্ত সুবিধা এবং শ্রমিকের বেতন কম হওয়ার কারণে বছরে বাংলাদেশ থেকে ১৯ বিলিয়ন (এক হাজার ৯০০ কোটি) মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। এর মধ্যে শতাংশ পোশাক যায় ইউরোপের বাজারে। ২৭টি দেশের এই জোটের তরফ থেকে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন ও বাণিজ্য কমিশনার কারেল ডি গুখট একটি বিবৃতিতে বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি জোর দিয়ে জানাচ্ছে, সব কারখানায় আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করতে বাংলাদেশ অবিলম্বে ব্যবস্থা নেবে।”

Monday, 29 April 2013

জেনেভায় প্রশ্নের মুখে পররাষ্ট্রমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক :  জাতিসংঘের সদর দপ্তর জেনেভায় বাংলাদেশের মানবাধিকার বিষয়ক দ্বিতীয় পর্যালোচনা সভায় সাভারের ভবন ধসে কয়েকশ শ্রমিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে। সোমবার দিনব্যাপী শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জেনেভা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

Sunday, 28 April 2013

সাভার ট্র্যাজেডি নিয়ে নিউইয়র্ক মেয়রের উদ্বেগ

নিউইয়র্ক: সাভার দুর্ঘটনার বিষয়ে সহযোগিতা দিতে চেয়েছেন নিউইয়র্ক মেয়র মাইকেল ব্লুমবার্গ। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি ভবন ধসে শত শত হতাহতের ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি মেয়র। মাইকেল ব্লুমবার্গের কার্যালয় থেকে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়ে টেলিফোন করে এসব বিষয়ে জানতে চাওয়া হয়। শনিবার সংবাদ মাধ্যমের কাছে এ কথা জানিয়েছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম।

Saturday, 20 April 2013

চীনে ভূমিকম্পে নিহত ৭২, আহত ৪ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৭২ জন নিহত এবং ৪ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় ভূতাত্ত্বিকদের মতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ৬ দশমিক ৬।
স্থানীয় বার্তা সংস্থা সিংহুয়ার মতে, ইতোমধ্যেই ৭২ জনের মৃতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ৪ শতাধিক বলে বার্তা সংস্থাটি উল্লেখ করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশাঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় ভূতাত্ত্বিকদের মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। উল্লেখ্য, সিচুয়ান প্রদেশটির চীনের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা।

আটকের পর বোস্টনে হামলাকারী ছোটভাই হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক :  বোস্টনে হামলাকারী দুই ভাইয়ের মধ্যে বড়ভাই তামারলান তাসারনেভ (২৬) শুক্রবার পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ছোটভাই জোখার তাসারনেভকেও (১৯) আটক করেছে পুলিশ। তবে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বোস্টন পুলিশ কমিশনার এড ডেভিস। এর আগে শুক্রবারের শেষ দিকে বোস্টনের শহরতলি ওয়াটারটাউনের একটি বাড়ির পেছনে নৌকা থেকে পুলিশ জোখার তাসারনেভকে (১৯) আটক করে। এদিকে, দ্বিতীয় হামলাকারীকে আটকের খবরে শহরবাসী আনন্দে রাস্তায় নেমে আসেন। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলাকারীকে আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন।

Friday, 19 April 2013

বোস্টনে হামলার এক সন্দেহভাজন নিহত, অপরজনের খোঁজে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্টের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন একজন শুক্রবার পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে তিনি আটক নাকি নিহত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।   এদিকে, সন্দেহভাজন অপরজনকে খুঁজে বের করার জন্য পুলিশ ব্যাপক তল্লাশি অব্যাহত রেখেছে। পুলিশের মুখপাত্র সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, অপর সন্দেহভাজন সশস্ত্র অবস্থায় রয়েছেন। সে কারণে সবাইকে ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন।

পারভেজ মুশাররফ গৃহবন্দি

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আটক হওয়ার পর পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে আগামী ৪৮ ঘন্টা গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে আদালত। এ উদ্দেশ্যে ইসলামাবাদের শহরতলী চক শাহজাদে অবস্থিত মুশাররফের খামার বাড়িকে সাব-জেল হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার চক শাহজাদের ওই বাসভবন থেকে মুশাররফকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের টেলিভিশনগুলোর খবরে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা মুশাররফকে ইসলামাবাদের আদালতে নিয়ে যাচ্ছেন।

Thursday, 18 April 2013

টেক্সাসের সার কারখানায় বিস্ফোরণ, নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি সার কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৭০ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত হয়েছে দুই শতাধিক ব্যক্তি। এই দুর্ঘটনাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতার সঙ্গে তুলনা করছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার রাতে টেক্সাসের ওয়াকো শহর থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ওই সারখানার পাশাপাশি আশেপাশের কয়েকটি আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে এখনও অনেক মানুষ আটকা পড়েছ আছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি মুশাররফের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বহু বিচারককে বরখাস্ত ও গৃহবন্দি করে রাখার মামলায় মুশাররফের জামিন আবেদন নাকচ করে ইসলামাবাদ হাই কোর্ট বৃহস্পতিবার এই পরোয়ানা জারির আদেশ দেয়।বিবিসির খবরে বলা হয়, আদেশের সময় আদালতেই উপস্থিত ছিলেন মুশাররফ। তবে আদেশের সঙ্গে সঙ্গে তিনি নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

Wednesday, 17 April 2013

মার্গারেট থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ণাঙ্গ শ্রদ্ধা-ভালোবাসা ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মার্গারেট  থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। রানী দ্বিতীয় এলিজাবেথ, তাঁর স্বামী প্রিন্স ফিলিপসহ বিশ্বের ১৭০ টি দেশ থেকে প্রায় দুই হাজারের বেশি অতিথি থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন। এর আগে সকালে পার্লামেন্ট ভবন থেকে জাতীয় পতাকা মোড়ানো থ্যাচারের মরদেহ সেন্ট পল’সের ক্যাথেড্রলে নিয়ে আসা হয়। সেন্ট পল’সে মরদেহ রাখার পর প্রার্থনা শুরু হয়। কফিনে করে মরদেহ নিয়ে আসার সময় থ্যাচারের হাজারো সমর্থক লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে শ্রদ্ধা জানান ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রীকে।

Tuesday, 16 April 2013

এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনবো : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বস্টনে বোমা হামলার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমরা জানি না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে যেই এর জন্য দায়ী হোক খুঁজে বের করা হবে।
একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বোমা হামলার ঘটনায় অন্তুত ২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে বস্টন ম্যারাথনে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। এসময় পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন হতাহতরা।

নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট বিপ্লবী হুগো শ্যাভেজের উত্তরসূরি নির্বাচিত হয়েছেন শ্যাভেজ মনোনীত এবং দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত রোববারের নির্বাচনে সেয়ানে সেয়ানে লড়াইয়ে হেরে গেছেন বিরোধী প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেস। খবর রয়টার্স, বিবিসির।
শ্যাভেজের মৃত্যুর পর অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন মাদুরো। আগেই ধারণা করা হয়েছিল, ১৪ এপ্রিলের নির্বাচনে শ্যাভেজের উত্তরসূরি হিসেবে মাদুরোকেই পেতে যাচ্ছে ভেনিজুয়েলা। মাদুরোও বড় আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, ‘পিতা শ্যাভেজের নির্দেশেই আমি প্রেসিডেন্ট হতে যাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলা: নিহত ৩, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে পরপর ২টি শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।
স্থানীয় পুলিশ বলছে, স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ৩টার দিকে বয়েলস্টন স্ট্রিটে  দৌড় প্রতিযোগিতার ‘ফিনিশিং লাইনের’ কাছাকাছি পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

Monday, 15 April 2013

ইরাকের গাড়িবোমা হামলায় নিহত ৭, আহত ১১৮

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কিরকুক, তুজ খুরমানতু, সামারা, হিলা ও নাসিরিয়াহ শহরে ধারাবাহিকভাবে ১১টি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Sunday, 14 April 2013

এবার জাপান সফরে জন কেরি

আন্তর্জাতিক ডেস্ক :  দক্ষিণ কোরিয়া ও চীনের পর জাপান সফরে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর মাধ্যমেই এশিয়া সফর সমাপ্ত করবেন কেরি। সাম্প্রতিক সময়ে কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফর করলেন কেরি। রোববার কেরি জাপানে ছয় শতাধিক বছরের পুরোণো বৌদ্ধ মন্দির পরিদর্শনের মাধ্যমে জাপান সফর শুরু করেন। তিনি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণও দেন। পরে কেরি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাত করেন।

Friday, 12 April 2013

পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উত্তর কোরিয়াকে কখনোই মেনে নেয়া হবে না: কেরি

আর্ন্তজাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উত্তর কোরিয়াকে কখনোই মেনে নেয়া হবে না। যুক্তরাষ্ট্র প্রয়োজনে তার মিত্রদের জন্য প্রতিরক্ষার ব্যবস্থা করবে। কয়েক সপ্তাহ ধরে পিয়ংইয়ংয়ের অবিরাম পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে যাওয়াটা ‘কোন মাপকাঠিতেই মেনে নেয়া যায় না’ উল্লেখ করে কেরি বলেন, কোনোরকম সংঘাত শুরু হলে এর পরিণতি কি হবে তা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভেবে দেখা দরকার। কোরিয়া উপদ্বীপে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে পৌঁছান কেরি।

Thursday, 11 April 2013

তালেবান হামলায় আফগানিস্তানে মার্কিন কূটনীতিবিদসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আলাদা তালেবান হামলায় এক মার্কিন মহিলা কূটনীতিবিদসহ অন্তত চার মার্কিন সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। মহিলা কূটনীতিবিদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এর আগে, গতকাল জাবুল প্রদেশের রাজধানী কালাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর এক বহরের ওপর গাড়ি বোমা হামলায় তিন মার্কিন সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কথা আফগান ও মার্কিন কর্মকর্তারা স্বীকার করেন।

Wednesday, 10 April 2013

ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৭ আহত ৮৫০

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র পরমাণু কেন্দ্রের কাছে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৮৫০ মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ দপ্তরের উদ্বৃতি দিয়ে রাষ্ট্রিয় টেলিভিশন জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ২২ মিনিটে পারস্য উপসাগরীয় বন্দর শহর বুশেহর’র ৯০ কিলোমিটার দক্ষিণে কাকি এলাকায় ভূ-গর্ভের ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

Monday, 8 April 2013

লৌহমানবী মার্গারেট থ্যাচার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : লৌহমানবী খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর নেই। তার বয়স হয়েছিল ৮৭ বছর। থ্যাচারের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে খবর বেরোয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ব্রিটেনের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টি থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত ও রাজনৈতিক কঠোরতার জন্য ‘লৌহমানবী’ হিসেবে তিনি খ্যাত ছিলেন। ১৯২৫ সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি।

২০১৬'র প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন হিলারি ক্লিনটন। তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ ইঙ্গিত দিয়েছেন। মাত্র কয়েকদিন আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর এ খবর জানা গেল।
এর আগে, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্র্যাট দলের হয়ে লড়াই করেছিলেন তিনি। তবে সে দৌড়ে হেরে যান হিলারি।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : লৌহমানবী খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর নেই। তার বয়স হয়েছিল ৮৭ বছর। থ্যাচারের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

Monday, 1 April 2013

৫০ পর বেসরকারি দৈনিক পত্রিকা প্রকাশ হলো মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক : অর্ধ-শতাব্দী পর বেসরকারি দৈনিক পত্রিকা প্রকাশ হলো স্বৈরশাসনের দেশ মিয়ানমারে। সোমবার (১ এপ্রিল) প্রাথমিকভাবে (পরীক্ষামূলক) চারটি দৈনিক পত্রিকা এ ঐতিহাসিক অগ্রযাত্রার সঙ্গী হয়। দেশটিতে আগে থেকে প্রকাশিত অর্থাৎ স্বৈরশাসকদের নিয়ন্ত্রিত ছয়টি রাষ্ট্রিয় দৈনিক পত্রিকার সঙ্গে সার্কুলেশনের প্রতিযোগিতায় আসা নতুন দৈনিক পত্রিকাগুলো হচ্ছে, পাইদাউংসু ডেইলি (ইউনিয়ন ডেইলি), স্যু নায়িং নাগান থিত ডেইলি (গোল্ডেন ফ্রেশল্যান্ড ডেইলি), সান তাও চেইন ডেইলি (স্টান্ডার্ড টাইমস ডেইলি) এবং ভয়েস ডেইলি। ইউনিয়ন ডেইলি পত্রিকাটি ক্ষমতাসীন দল ইউনিয়ন সোল্ডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) মালিকানায় প্রকাশিত হচ্ছে।

Sunday, 24 March 2013

পাকিস্তানে মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে এবং তালেবান জঙ্গি গোষ্ঠীর হত্যার হুমকি উপেক্ষা করে পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। রোববার দুপুরে দুবাই এমিরেটাসের একটি বিমানে করে তিনি করাচি বিমানবন্দরে পৌঁছেন। এর আগে রোববার সকালে দুবাই বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচির পথে রওনা হয়।

Wednesday, 20 March 2013

রাষ্ট্রপতির মৃত্যুতে প্রণব মুখার্জির শোক

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বুধবার রাতে রাষ্ট্রপতির ছেলে নাজমূল হাসানের কাছে পাঠানো এক শোক বাণীতে প্রণব মুখার্জি বলেন, আপনার বাবা জিল্লুর রহমান “একজন দূরদর্শী নেতা হিসেবে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ছিলেন ভারতের সত্যিকারের একজন বন্ধু। যিনি ব্যক্তিগতভাবেও ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক রক্ষায় সচেষ্ট ছিলেন।

Friday, 15 March 2013

ইরানকে থামাতে প্রয়োজনে সামরিক অভিযান : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রয়োজনে সামরিক অভিযানও চালানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ওবামা দাবি করেন, পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে পৌঁছাতে ইরানের আরও এক বছর সময় লাগবে। এর মধ্যেই তাদের এই কর্মসূচি থেকে বিরত রাখার জন্য সকল প্রচেষ্টা চালানো হবে। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম ‘চ্যানেল ২ টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “ইরানকে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

Thursday, 14 March 2013

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন ১৪ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মার্চ,২০১৩ : বিপ্লবী নেতা হুগো চাভেজ মারা যাওয়ায় এক বছরেরও কম সময়ে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। চাভেজের উত্তরসূরি বাছাই করতে দেশটিতে ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। উত্তরসূরি হিসেবে চাভেজের পছন্দের সহকর্মী নিকোলা মাদুরো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই এ ঘোষণা আসল।

নতুন পোপ আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোগলিও

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মার্চ,২০১৩ : ক্যাথলিক চার্চের নতুন পোপ নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার কার্ডিনাল জর্জ মারিও বেরগোগলিও। রোমের সেইন্ট পিটারস স্কয়ারে ক্যাথলিক কার্ডিনালদের ভোটে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর স্কয়ারের বারান্দায় দাঁড়িয়ে তিনি তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান উপস্থিতদের। মারিও বেরগোগলিও প্রথম লাতিন আমেরিকান হিসেবে ক্যার্থলিক পোপ নির্বাচিত হলেন।

Wednesday, 6 March 2013

আডিওজ..হুগো চাভেজ

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজ মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর সে দেশে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, তার মৃত্যুর খবরে দেশজুড়ে গভীর শোক নেমে আসে। মানুষজন দলে দলে প্রকাশ্যেই কাঁদতে শুরু করেন। তবে চাভেজের মৃত্যু সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। তাদের ধারণা, শত্রুদেশ তাদের প্রিয় নেতার অসুস্থতা ও মৃত্যুর জন্য দায়ী। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবাদ মাধ্যমকে চাভেজের মৃত্যুর খবর জানিয়ে বলেন, মাত্র ৫৮ বছর বয়সে এই বিপ্লবীর মৃত্যু হয়েছে।

Saturday, 2 March 2013

লন্ডনে খুতবায় সাঈদীর প্রশংসা করে মুসল্লিদের তোপে ইমাম

লন্ডন: আর্ন্তজাতিক ডেস্ক : ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টার বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিরোধ। লন্ডনের একটি মসজিদে জুম্মার খুতবায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি একাত্তরের যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে ইসলামী স্কলার হিসেবে আখ্যায়িত করায় মুসল্লিদের তোপের মুখে পড়েন ঈমাম। শুক্রবার লন্ডনের গ্যান্সহীল রেডব্রিজ মস্ক অ্যান্ড ইসলামিক সেন্টারের জুম্মার খুতবায় এই ঘটনা। সাঈদীকে ইসলামীক স্কলার বলার চেষ্টার বিরোধীতাকারী নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুসল্লি বলেন, ‘আমাদের এই স্থানীয় মসজিদে আমি প্রায়ই জুম্মার নামাজ আদায় করি।

Friday, 8 February 2013

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে তুষারঝড় : সতর্কতা জারি

৮ই ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক: অব্যাহত শৈত্য প্রবাহ ও তুষারপাতের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় ও দ্বীপপুঞ্জ এলাকায় তুষার ঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে এ অঞ্চলের বিমানবন্দরের আগমন ও বহির্গমনের ২৬শ’ ফ্লাইট।  স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারি তুষারপাতে সর্বোচ্চ ২ ফুট পর্যন্ত বরফ জমতে পারে।

Wednesday, 6 February 2013

পাকিস্তান একটি ভুয়া দেশ

৬ই ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রেস কাউন্সিল পরিষদের চেয়ারম্যান মারখানদে কাতজু পাকিস্তানকে ‘ভুয়া’ দেশ বলেছেন। পাকিস্তান-ভারত বিভক্তি বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার অবসরপ্রাপ্ত এ বিচারপতি বলেন, “পাকিস্তান একটি ‘ভুয়া’ দেশ। ব্রিটিশরা ‘ভুয়া দ্বি-জাতি তত্ত্বের’ ভিত্তিতে দেশটির সৃষ্টি করেছিল।” তিনি আশাবাদী আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারত ও পাকিস্তান একত্রিত হবে এবং একটি শক্তিশালী, ধর্মনিরপেক্ষ ও আধুনিকমনা সরকার ক্ষমতায় আসবে।

Sunday, 3 February 2013

ধর্ষণবিরোধী অধ্যাদেশে সম্মতি ভারতের রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির একটি নতুন অধ্যাদেশ সম্মতি জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রোববার অপরাধ আইন (সংশোধনী) অধ্যাদেশ ২০১৩ নামের ওই অধ্যাদেশে প্রণব মুখার্জি সমর্থন দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।  গত শুক্রবার রাতে ভারতের মন্ত্রিসভা ভার্মা কমিশনের সুপারিশ বিবেচনায় এনে অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। নয়াদিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নারীদের নিরাপত্তা বৃদ্ধি ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবে আন্দোলন শুরু হয়।

বাকিংহাম প্যালেসের বাইরে অস্ত্রধারী

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেসের বাইরে প্রহরী পরিবর্তনের দৃশ্য উপভোগ করছিলেন পর্যটক। এমন সময় ফাঁকে নিজেই প্রহরীর মতো দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি। পুলিশ তাকে সরাতে চাইলে চুরি বের করে নিজের গলায় ধরেন তিনি।  রোববার স্থানীয় সময় ১১টা ৫০ মিনিটে ওই নাটকীয় ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে সরাবে কি করে পুলিশ? অবশেষে ব্যবহার করলেন ট্যাজার তার। পুলিশ বৈদ্যুতিক শক দেওয়ার এই বিশেষ অস্ত্র দিয়ে ধরাশায়ী করেন পর্যটকদের সামনে নিজেকে অন্যভাবে তুলে ধরতে চেষ্টাকারীকে ব্যক্তিকে।

ইরাকে পুলিশ সদর দপ্তরে বোমা হামলায় নিহত ৩০

৩রা ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কিরকুক শহরে রোববার একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ নিহত ও ৭০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ প্রধানও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  ব্রিগেডিয়ার জেনারেল নাতাহ মোহাম্মেদ সাবের বলেন, “জঙ্গিরা সদর দপ্তর চত্বর দখল নেওয়ার জন্য হামলা চালায় কিন্তু তারা ব্যর্থ হয়েছে।” জরুরি সেবা বিভাগের এই প্রধান বলেন, “সকালের ব্যস্ততম সময়ে শহরের কেন্দ্রে হামলাকারী হামলা করে। জঙ্গিরা বন্দুক, গ্রেনেড ও আত্মঘাতী পোশাক পরে গাড়িবোমা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সদর দপ্তরে ঢোকার চেষ্টা করে।” হামলায় পাশ্ববর্তী ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি। কোসরাত হাসান করিম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রধান ফটকে একটি গাড়ি এসে থামে এবং পুলিশ গাড়িটি তল্লাশি শুরু করে।

Saturday, 2 February 2013

অভিযোগ অস্বীকার দিল্লি ধর্ষণ মামলার অভিযুক্তদের

৩রা ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লির ধর্ষণ ও হত্যা মামলার পাঁচ আসামী তাদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছে। দুই অভিযুক্তের আইনজীবী এ কথা জানিয়েছেন।  শনিবার আদালতে অভিযুক্তদের উপস্থিতিতে ধর্ষণ ও হত্যাসহ ১৩টি অভিযোগ পড়ে শোনানোর পর নির্জেদের নির্দোষ দাবি করে। মুখে ঢেকে আদালতে নেওয়া হয় অভিযুক্তদের। দুই অভিযুক্ত বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের আইনজীবী এ পি সিং বলেন, “বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর দোষ অস্বীকার করে এবং বেরিয়ে যায়।” এ পি সিং জানান, আগামী শুনানির দিন ৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

Thursday, 31 January 2013

মালালার মাথার খুলি প্রতিস্থাপন করা হবে

৩১শে জানুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের গুলিতে আহত পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাইয়ের মাথার খুলি (স্কাল) অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে। বুধবার মালালাকে চিকিৎসা সেবা দেওয়া যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, এ জন্য আগামী ১০ দিনের মধ্যেই যুক্তরাজ্যের হাসপাতালে ফিরবেন মালালা। উল্লেখ্য, প্রাথমিক চিকিৎসা শেষে নিকটজনের সঙ্গে সময় কাটানোর জন্য এ মাসের শুরুতে হাসপাতাল ছাড়েন মালালা। চিকিসৎসকরা জানান, স্কালের ক্ষয়ে যাওয়া অংশকে স্বাভাবিক করতে টাইটানিয়াম ক্রানিওপ্লাস্টি নামে অস্ত্রোপচারের মাধ্যমে টাইটানিয়াম প্লেট দিয়ে বিশেষভাবে ঢালাই (ছাঁচ দেওয়া) করা হবে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ঘাতকদের বুলেট মালালার বাম ভ্রুয়ের পাশ দিয়ে গিয়ে মাথার চামড়া ভেদ করে কাঁধে লেগেছে। মারাত্মক আঘাত তার মস্তকের হাড়কে চূর্ণবিচূর্ণ করে দিয়ে গেছে। এ কারণে চোয়ালের নরম টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। বুলেটের আঘাতে কানের পর্দা ও হাড় ক্ষয়ে যাওয়ার কারণে বাম কানে কম শোনেন মালালা। কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক ডেব রজার বলেন, “অস্ত্রোপচারের মাধ্যমে মালালার বাম কানে একটি চচলিয়ার (কানে শোনার যন্ত্র) দেওয়া হবে। মালালার মাথার অস্ত্রোপচারে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করবেন বলেও জানান রজার। রজার বলেন, ওর (মালালা) মাথার আকারে তৈরি করা ৩ডি মডেলের ০.৬ মিলিমিটার একটি বিশেষ ঢালাই প্লেট প্রতিস্থাপন করা হবে। ক্রানিওপ্লাস্টি নামের এই অস্ত্রোপচারে দেড় ঘণ্টার মতো সময় লাগতে পারে বলে জানান এই অভিজ্ঞ চিকিৎসক। ১৪ বছর বয়সী মালালা গত অক্টোবরে সোয়াত উপত্যকায় নিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন। মালালাকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য আড়াই লাখেরও বেশি মানুষ নোবেল কর্তৃপক্ষের কাছে অনলাইনে আবেদন করে।

Tuesday, 29 January 2013

যুক্তরাষ্ট্রের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেরির মনোনয়ন চূড়ান্ত

৩০শে জানুয়ারী: আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরিকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে দেশটির সিনেট। মঙ্গলবার সিনেটে ৯৪-৩ ভোটে জন কেরির মনোনয়ন নিশ্চিত হয়। ভোটের আগে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদন পান কেরি। কণ্ঠ ভোটে তার মনোনয়ন অনুমোদন দেয় পররাষ্ট্র সম্পর্ক কমিটি। ম্যাসাচুসেটসের দীর্ঘ দিনের সিনেটর কয়েক দশক ধরে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দায়িত্বরত ছিলেন। ২০০৪  সালে ডেমোক্রেট থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কেরি চার বছর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উত্তরসূরি হিসেবে কেরিকে নাম ঘোষণা করেন।

Tuesday, 22 January 2013

চীনের প্রতি জাপানের হুঁশিয়ারি: আকাশসীমা লঙ্ঘন করলে বিমান ভুপাতিত হবে

আন্তর্জাতিক ডেস্ক, ২১ জানুয়ারী : বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীন যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে তবে গুলি করে বিমান ভূপাতিত করার কড়া হুঁশিয়ারি দিয়েছে জাপান। গতকাল রবিবার দেশটির সরকারের পক্ষ থেকে একথা বলা হয়। এর আগে জাপানের প্রশাসনকে ‘হীন’করা হয়েছে-যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর চীন দেশটির সমালোচনা করে। এর পরই জাপানের পক্ষ থেকে এ সতর্ক বার্তা আসলো।বেশ কিছুদিন ধরে এই দ্বীপপুঞ্জটি নিয়ে টোকিও এবং বেইজিংয়ের মধ্যে ইঙ্গিতপূর্ণ কথা চালাচালি হয়ে আসছিল। চীনা যুদ্ধবিমান দ্বীপটির কাছে টহল দেয়ার পর দেশটির কাছ থেকে এ প্রতিক্রিয়া আসে।

Sunday, 20 January 2013

শপথ গ্রহণ করেছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, ২১ জানুয়ারি : এক অনাড়ম্বর ও পারিবারিক আনুষ্ঠানিকতায় রোববার হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
অভিষেক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ২০০৯ সালে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন ওবামা।

নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক, ২০ জানুয়ারি : টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বুলগেরিয়ার নৃতাত্ত্বিক তুর্কিদের নেতা আহমেদ দোগানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে এক হামলাকারী। শনিবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় দোগানের ‘মুভমেন্ট ফর রাইট এন্ড ফ্রিডম’ (এমআরএফ) পার্টির সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

সিরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা শিক্ষার্থীসহ নিহত ৮৩

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ জানুয়ারী : সিরিয়ার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ জোড়া বোমা হামলায় ৮৩ জনের বেশি নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবারের ওই বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী ও বেসামরিক নাগরিক। দেশটির সরকার ও বিরোধী উভয়পক্ষই বোমা বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রথম দিন স্থাপত্য অনুষদ ও আবাসিক হলের মাঝামাঝি একটি স্থানে দুটি বোমার বিস্ফোরণ ঘটে।

Saturday, 19 January 2013

আলজেরিয়ায় ২০ বিদেশি এখনো নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, ১৯ জানুয়ারি: আলজেরিয়ার সাহারা মরুভূমিতে একটি গ্যাসক্ষেত্রে জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযানের পরেও ২০ জনের বেশি বিদেশি নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। তারা এখনো জিম্মি রয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, এ ঘটনায় অন্তত সাত পশ্চিমা নাগরিকসহ ৩০ জন জিম্মি নিহত হয়েছেন। এছাড়া সেনা অভিযানে অন্তত ১৮ জন জিম্মিকারী নিহত হয়েছেন।বুধবার আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আলজেরিয়ার আমেনাসের নিকটবর্তী মরুভূমির একটি গ্যাসক্ষেত্র দখল করে প্রায় সাড়ে ছয়শ’ মানুষকে জিম্মি করে ।বৃহস্পতিবার সেখানে সেনাবাহিনী অভিযান চালায়। স্থানীয় একটি সূত্র জানায়, ওই গ্যাস ক্ষেত্র থেকে একশ’ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আলজেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি জানায়, উদ্ধারদের মধ্যে ৫৭৩ জন আলজেরীয় রয়েছে।

লিবিয়ার আদালতে সাইফ গাদ্দাফি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ জানুয়ারি: লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে সে দেশের পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরের একটি আদালতে হাজির করা হয়েছে।
দেশটির একজন সরকারি আইনজীবী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। ২০১১ সালের ১৯ নভেম্বর জিনতান শহর থেকে আটকের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাকে আদালতে হাজির করা হয়।